২৩ অক্টোবর, ২০২৩ ০২:২৩ পিএম

সরকারি মেডিকেলে আরও ১০৩০ আসন বাড়ল

সরকারি মেডিকেলে আরও ১০৩০ আসন বাড়ল
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আরও এক হাজার ৩০টি আসন বৃদ্ধি করা হয়েছে। এতে মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৩৮০টিতে।

আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্ধিত আসনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। প্রতিটি সরকারি মেডিকেল কলেজে ২০-৬০টি পর্যন্ত আসন বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৬০টি। এ ছাড়া মানিকগঞ্জের কর্নেল মালেক ৫০টি ও শেখ হাসিনা মেডিকেল কলেজে ৬০টি করে, শহীদ মনসুর আলী মেডিকেলে ৩৫টি, সাতক্ষীরা মেডিকেলে ৩৫টি ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ৩৫টি আসন বেড়েছে।

এর আগে গত ৮ অক্টোবর দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা বাড়ার কথা জানান অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবনার অনুমোদন দিয়েছে জানিয়ে তখন মেডিভয়েসকে তিনি বলেন, প্রস্তাবনা অনুযায়ী আগামী বছর থেকে দেশের চিকিৎসা শিক্ষায় যুক্ত হচ্ছে এক হাজারের বেশি আসন। এ সিদ্ধান্তের কাগজপত্রে স্বাস্থ্যমন্ত্রী স্বাক্ষর করলে প্রজ্ঞাপন জারি হবে।

তবে ঠিক কত কত আসন বাড়ছে তখন তা জানাতে অপরাগত প্রকাশ করেন তিনি। 

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একজন যুগ্ম সচিব (চিকিৎসা শিক্ষা) মেডিভয়েসকে বলেছিলেনন, ‘সরকারি মেডিকেলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এক হাজার ৩১ আসন বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সম্মতি দিয়েছেন। তবে এ বিষয়ে এখনও অফিসিয়ালি চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রী স্বাক্ষর করলে শিগগিরই প্রজ্ঞাপন দেওয়া হবে।’

এর আগে দেশের সরকারি ৩৭টি সরকারি মেডিকেল কলেজে বছরে ৪ হাজার ৩৫০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়ে আসছেন। আসন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে এ সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩৮০। 

আসন বৃদ্ধির ফলে আগামী বছর থেকে চিকিৎসাবিদ্যায় পড়ার স্বপ্ন পূরণ হবে আরও ১ হাজার শিক্ষার্থীর। তবে শিক্ষক ও অবকাঠামোসহ মেডিকেল শিক্ষায় বিদ্যমান সংকট সমাধান করে আসন বাড়ালে শিক্ষার মান বাড়তো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এএনএম/টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক